বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ উত্তর জেলার নূতন কমিটিতে ফুলপুর উপজেলার কৃতি সন্তান সুজাউদ্দৌলা সুজাকে সভাপতি এবং গৌরীপুরের কৃতি সন্তান জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে সাধারণ সম্পাদক করে সোমবার রাতে কমিটি ঘোষণা করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটি (আংশিক) অনুমোদন দেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রবিউল করিম বিপ্লব, সহ-সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক (১ম) নিহাদ সালমান ডুনন এবং সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হলুদ।
বিজ্ঞপ্তিতে আরও জানান, উত্তর জেলা যুবদলের সব সাংগঠনিক সিদ্ধান্ত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে গৃহিত হবে। ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটিতে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।