ধান ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি থানা পুলিশ শনিবার (৭ আগস্ট/২০২১) দুই জনকে গ্রেফতার করে নেত্রকোণার সিনিয়র জুডিশিয়াল আদালতে প্রেরণ করছে। গ্রেফতারকৃত হলেন হারারকান্দি গ্রামের বাদল মিয়া ও পাভেল মিয়া। বিষয়টি নিশ্চিত করেন খালিয়াজুড়ি থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান। তিনি জানান, বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
লিপসিয়ার চৌতারা হাওর থেকে ধান ব্যবসায়ী আব্দুল মজিদের বস্তাবন্দি লাশ বৃহস্পতিবার উদ্ধার করে লিপসিয়া ফাাঁড়ির পুলিশ। হত্যাকাণ্ডের বিচার চেয়ে শুক্রবার খালিয়াজুড়ি থানায় নিহতের বড় ভাই আব্দুল সালাম বাদী হয়ে শুক্রবার মামলা দায়ের করেন। নিহতের লাশ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দারিয়াপুর গ্রামে শুক্রবার পৌঁছে। এ সময় স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে যায়। তিনি দারিয়াপুর গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র।
এদিকে মৃত্যুর সংবাদে নিহত আব্দুল মজিদের বাড়িতে ছুটে আসেন গৌরীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলঅ যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান। তার নিকট স্বামীর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন নিহতের স্ত্রী আঞ্জুমানা বেগম। পাশেই কাপড়ের আঁচলধরে দেন মা মালেকা খাতুন। তিনি বলেন, দেও, দেও আমার ছেলেডটারে ফিরাইয়া দেও। এই আঁচলে ওরে লালন-পালন করেছি, তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও! মায়ের এমন আকুতিতে হৃদয়বিদারক দৃশ্য দেখে কেউ চোখের পানি আটকে রাখতে পারেনি।
অপরদিকে দুপুর ২টা ২০মিনিটে দারিয়াপুর ঈদগাহ ময়দানে নিহতের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ, নিহতের পুত্র মো. শাহিন রানা, নিহতের বড় ভাই আব্দুল সালাম প্রমুখ। এ সময় বক্তৃরা নিহতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বিষয়ে আশ^স্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
জানা যায়, খালিয়াজুড়ির লিপসিয়া চৌতারা হাওরে বৃহস্পতিবার জেলারা মাছ ধরতে গেলে তাদের জালে একটি বস্তাবন্দি লাশের সন্ধান পান। পরে বিষয়টি জেলারা স্থানীয় লিপসিয়া পুলিশ ফাাঁড়িকে অবহিত করেন। ফাঁড়ির ইনচার্জ সাবইন্সপেক্টর মো. হানিফ উদ্দিনের নেতৃত্বে পুলিশ এ লাশ উদ্ধার করেন। উদ্ধারকৃত লাশটি হলো গত সোমবার (২ আগস্ট/২০২১) ৩লাখ ৬০হাজার টাকা নিয়ে ধান কিনতে যাওয়া ধান ব্যবসায়ী আব্দুল মজিদের। নিশ্চিত করেন নিহতের বড় ভাই আব্দুস সালাম। নিখোঁজের ঘটনায় তিনি খালিয়াজুড়ি থানায় ৪ আগস্ট সাধারণ ডায়রী করা হয়। যার জিডি নং ১১০। তিনি আরো জানান, মাওহা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের পুত্র মো. এমদাদ উল্লাহ এর নিকট থেকে এ টাকা ও বস্তা নিয়ে যায়। নিখোঁজের দিন সন্ধ্যা ৭টা ২০মিনিটে তাকে জানায় সে খালিয়াজুড়ির লেপসিয়া বালুরচর মুচার বাড়ির সামনে নৌকা থেকে নেমেছে। আরেকটি নৌকা নিয়ে হারারকান্দি গ্রামের বাদল মিয়ার নিকট যাবে। এরপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। খালিয়াজুড়ি থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।