ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে জারিয়া-ময়মনসিংহের বিসকা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি বুধবার রাত ১১টা ৫৩ মিনিটে গৌরীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে ১১টা ৫৫ মিনিটে বিসকা রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। পরে রাত ১২টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি বিসকা রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে ট্রেনের দুটি সিট আগুনে পুড়ে যায়।
গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, রাতের ট্রেনে খুব বেশি যাত্রী ছিল না। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় বগির সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।