ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বর্ধনপাড়া বাজারে ওয়েলফেয়ার ক্লাবের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আশিক আলমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েলফেয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য খসরু পারভেজ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, রামগোপালপুর ইউনিয়ন তরুণ দলের সভাপতি আজিজুল হক, ওয়েলফেয়ার ক্লাবের বর্তমান সভাপতি নয়ন মিয়া এবং সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম সোহেল ফকির। এছাড়াও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নুরুল ইসলাম ফকির, বাজার কমিটির সভাপতি আবুল হাশেম এবং ছাত্রদলের নেতা এ. কে. ফাহিমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং প্রবাসীদের কল্যাণে একসাথে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং তরুণ প্রজন্মকে মানবিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানের আয়োজক আশিক আলম বলেন, প্রবাসীদের অবদান আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করব। ###