বাংলা চলচ্চিত্রে তারকাখ্যাতি আসে-যায়, কিন্তু খুব কম শিল্পীই আছেন যারা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নতুন করে প্রমাণ করতে পারেন। শাকিব খান সেই ব্যতিক্রমীদের একজন। দীর্ঘ ক্যারিয়ারের নানা উত্থান-পতন পেরিয়ে তিনি এখন এমন এক অবস্থানে পৌঁছেছেন যেখানে তার নামটাই সিনেমার সবচেয়ে বড় শক্তি। সাম্প্রতিক তিন বছরে ঢালিউডে যে ধারাবাহিক সাফল্যের গল্প লেখা হয়েছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব খানÑ যা তাকে নতুন করে ‘মেগাস্টার’ অভিধায় স্থাপন করেছে।
টানা তিন বছর ধরে শাকিব খানের অভিনীত সিনেমাগুলো একের পর এক ‘ইন্ডাস্ট্রি হিট’ হচ্ছে। বাংলা সিনেমার ইতিহাসে এমন ধারাবাহিক বাণিজ্যিক সাফল্য খুবই কম। প্রায় ২৬ বছরের ক্যারিয়ারে এসে এই সময়টাই যেন তার সবচেয়ে শক্তিশালী অধ্যায়। দর্শকের আগ্রহ, প্রযোজকের আস্থা এবং হল মালিকদের প্রত্যাশাÑ সবকিছুতেই শাকিব খান এখন এক নম্বর ভরসার নাম। শাকিব খানের আলোচিত কিছু কাজ নিয়ে আমাদের আজকের আয়োজন।
‘তুফান’ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল অ্যাকশনধর্মী চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, যেখানে তিনি ‘তুফান’ এবং ‘শান্ত’ নামে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা এবং মিশা সওদাগর।
‘বরবাদ’ ২০২৫ সালের অন্যতম বহুল আলোচিত অ্যাকশন থ্রিলার সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। সিনেমাটি প্রায় ১৫-১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এবং বক্স অফিসে প্রায় ৭৫ কোটি টাকা আয় করে ব্যাপক সাফল্য পায়।
রায়হান রাফী পরিচালিত সিনেমা তান্ডব এই পলিটিক্যাল অ্যাকশন থ্রিলারটি ২০২৫ সালের ৭ জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পায়। এটি ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে।
‘অন্তরাত্মা’ ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই রোমান্টিক ড্রামা সিনেমাটি ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পায়। এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন কলকাতার দর্শনা বণিক।
‘সোলজার’ সাকিব ফাহাদ পরিচালিত এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি ২০২৫ সালের একটি অন্যতম আলোচিত প্রজেক্ট।
এ ছাড়া শাকিব খানের ‘প্রিন্স : ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার ২০২৫ সালে উন্মোচিত হয়েছে, যা ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শাকিব খানের সিনেমাগুলো শুধু হলে দর্শক টানছে না, সামাজিক মাধ্যমেও তৈরি করছে ব্যাপক আলোচনার ঢেউ। ট্রেলার, গান কিংবা পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের প্রতিক্রিয়া প্রমাণ করে, তার জনপ্রিয়তা এখনও তুঙ্গে।
শুধু অভিনেতা হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও শাকিব খান বর্তমানে সফল। নিজের প্রযোজনায় নির্মিত বরবাদ (২০২৫), বীর (২০২০), হিরো দ্য সুপারস্টার (২০১৪) সিনেমাগুলোও বাণিজ্যিকভাবে সফল হয়েছে, যা তাকে ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত করেছে। একজন তারকা হিসেবে নয়, বরং পুরো একটি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার অংশ হিসেবেই এখন তাকে দেখা হচ্ছে।