জুলাই পুনর্জাগরণের অংশ হিসেবে শেরপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের মা এবং অভিভাবকদের আমন্ত্রণ জানানো হয়।
শনিবার শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
শুরুতে জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের গর্বিত মায়েদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসকসহ অতিথিরা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে জাতির গর্ব, ত্যাগ ও সাহসিকতার প্রতীক এই মায়েদের প্রতি সম্মান জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা জামায়তের সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মামুনুর রহমান, শহিদ সৌরভের বাবা সোহরাব হোসেন, শহিদ মাহবুবের বড় ভাই মাজহারুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা জুলাইয়ের মায়েদের আত্মত্যাগ, সংগ্রাম ও সাহসিকতা স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাদের অবদানে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্ম দেশপ্রেম ও মূল্যবোধে গড়ে উঠবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
অনুষ্ঠানে শেরপুরের জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা পরিবারের মা-বাবা, ভাই বোন, আত্মীয়-স্বজন সহ সুশীল সমাজ, জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।