ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে এক যুবককে তার নিজ ঘরে গলা কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে হত্যাকাণ্ডের খবর পেয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) এমএম মোহাইমেনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার, গৌরীপুর সার্কেল, দেবাশিস কর্মকার, ওসি ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত রাকিবুল (১৯) ওই গ্রামের আ. সালামের ছেলে। তিনি ভালুকায় একটি মনোহারি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।তারা বাবা মা নরসিংদীর একটি ফার্মে শ্রমিক হিসেবে কাজ করেন।ঈদের কিছুদিন আগে রাকিবুল বাড়িতে এসে আর কর্মস্থলে যাননি।
নিহতের ফুফু শিউলী (৩৫) বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রাকিবুলদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পাই তাদের বারান্দার গেটের তালা খোলা।ঘরের ভেতরে ফ্যান চলছে।খাটের ওপর রাকিবুলের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেই।পরে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।
এদিকে নিহতের মা-বাবা এ রিপোর্ট লেখা পর্যন্ত নরসিংদী থেকে বাড়ি ফেরেননি।রাকিবুলকে কেন বা কি কারণে হত্যা করা হয়েছে তাৎক্ষণিক কারণ জানা যায়নি।
ওসি ওবায়দুর রহমান জানান, হত্যার রহস্য উদঘাটনে সিআইডি ও পিবিআইয়ের টিম কাজ করছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, রাকিবুল ২০২৩ সালে হাটুলিয়া ডিএইচ মাদ্রাসা থেকে দাখিল পাশ করে। সংসারের অভাব অনটনের কারণে তিনি আর লেখাপড়া করতে পারেননি তিনি।