ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীরপশ্চিমপাড়া গ্রামে শনিবার (২১ জুন/২৫) দুপুরে আম গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মো. মাসুদ (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের জজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মাসুদ পেশায় একজন ইজিবাইক চালক। গাড়ি চালানোর পাশাপাশি তিনি গাছ কাটার কাজও করতেন। স্থানীয় কাঠের বেপারী আনিসুর রহমান খোকন রামগোপালপুর ইউনিয়নের বীরপশ্চিমপাড়া গ্রামে একটি আম গাছ ক্রয় করেন। শনিবার খোকন ওই গাছ কাটার জন্য মাসুদকে মাসুদকে বীরপশ্চিমপাড়া গ্রামে নিয়ে যান। গাছের ডাল কাটার সময় মাসুদ গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।