ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ময়মনসিংহ থেকে যাত্রীবাহী একটি মাহেন্দ্র ঈশ্বরগঞ্জ আসছিল। ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এক নম্বর নামক স্থানে নান্দাইল থেকে ময়মনসিংহগামী বিআরটিসি বাসের সঙ্গে ওই মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামের আব্দুস ছোবান (৬০) তার পুত্র সবুজ (৩৫) ও ঈশ্বরগঞ্জ ইউনিয়নের দড়িপাছাশি গ্রামের কহিনুর সুলতানা (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় চরহোশেনপুর গ্রামের শিউলি (২৭), আশ্রাবপুর গ্রামে আব্দুল গনি (৭০), কুমারুলী গ্রামের ছাব্বির (৩০), ভালুকা গামের রফিকুল ইসলাম (৩৫), চরশিহারি গামের শাহিন (২৫), নান্দাইলের চান্দুরা গ্রামের রমজান (৩২) আহত হয়েছেন।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগে বারবার যোগাযোগ করে কাউকেই পাওয়া যায়নি। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনের সঙ্গে কথা হলে তিনি জানান, মুমূর্ষু রফিকুল ইসলাম ও পারভিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়েদুর রহমান জানান, লাশ পুলিশ হেফাজতে রয়েছে।