তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের মানিকদীর গ্রামে পুকুরের পানিতে ডুবে মাজাহারুল (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাজাহারুল মানিকদীর গ্রামের মো. জামাল মিয়ার ছেলে।
এলাকার বাসিন্দা ও পরিবার সূত্র জানায়, মানিকদীর গ্রামের নিজ বাড়ির উঠানে শিশু মাজাহারুল একা খেলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশেই পুকুরে তলিয়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর শিশুর মরদেহ পুকুরে ভেসে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এ সময় সেখান থেকে শিশু মাজাহারুলের নিথর দেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে স্থানীয় স্বাস্থ্য সহকারী মোকলেছুর রহমান ওই শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।