ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নতুন বাজার পুরাতন রাইস মিল এলাকা থেকে শুক্রবার (২৪জুন/২০২২) প্রায় ১৫লাখ টাকা মূল্যের বাড়িওয়ালাপাড়ার মো. নাছির উদ্দিনের অশোক লিলেন্ড কেবিন হলুদ রঙের একটি ট্রাক চুরির ঘটনা ঘটে। বিভিন্ন এলাকার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে ট্রাকের গতিবিধি অনুসরণ করে ট্রাকটি বগুড়া জেলার গাবতলী এলাকা থেকে রোববার (২৬জুন/২০২২) সন্ধ্যায় উদ্ধার করেছে গাবতলী থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটের হাসানকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত ট্রাক ও গ্রেফতারকৃত আসামীকে সোমবার (২৭জুন/২০২২) সকালে গৌরীপুর থানার পুলিশের নিকট হস্তান্তর করে গাবতলী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. নজরুল ইসলাম।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ট্রাক চুরির ঘটনায় পৌর শহরের বাড়িওয়ালাপাড়ার মৃত রফিকুল ইসলামের পুত্র মো. সেলিম মিয়া (৫০) বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তিনি ট্রাক মালিকের বড়ভাই। ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাসান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
এদিকে গৌরীপুর ধানমহালের তেল ব্যবসায়ী চন্দন এসের দোকান থেকে একটি তেলের ড্রাম রোববার ভোরে চুরি হয়েছে। পৌর শহরের ভালুকার এক যুবকের মোটর সাইকেল শুক্রবার মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা বাজার থেকে চুরি হয়েছে। উপজেলায় বিভিন্ন ইউনিয়নের গরু চুরির উপদ্রুব বেড়েছে।