ময়মনসিংহে পুলিশের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর ফলে পুলিশের কাজে জবাবদিহি ও স্বচ্ছতা আসবে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বুধবার ট্রাফিক বিভাগ ও কোতোয়ালী থানায় দায়িত্বরত কর্মকর্তাদের নিকট বডিওয়ার্ন ক্যামেরা হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা।
এ সময় পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশ যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের সেবা নিশ্চিত করণে আধুনিকায়নের কাজ করছে। মাঠে কাজ করতে গিয়ে অনেক সময় সমস্যায় পরে পুলিশ । আবার জনগণও অনেক সময় পুলিশ দ্বারা হয়রানির স্বিকার হয় বলে অভিযোগ করে। এ ধরনের অভিযোগ এবং পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল, কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের উদোগ নেয়া হয়। একই সাথে বডি ওর্ন ক্যামেরাতে দুর্ঘটনা, আইনশৃঙ্খলাসহ আশপাশের সব দৃশ্য ধারণ করবে। এর ফলে পুলিশের পাশাপাশি সুফল পাবে সাধারণ জনগণও। তিনি আরো বলেন, এ ক্যামেরা কার্যক্রম নিয়ন্ত্রণ ও মনিটরিং করবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকির পাশাপাশি তাদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ সিসিটিভি হিসেবে কাজ করবে।
তিনি আরো বলেন, যে কোন অপরাধ পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে গেলেও ক্যামেরায় সব রেকর্ড থাকবে। এসব ক্যামেরার মাধ্যমে অডিও, ভিডিও ও ছবি সংরক্ষণ করা যায়। পাশাপাশি জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই লোকেশন সনাক্ত করা সম্ভব হবে। ফলে অপরাধ নিয়ন্ত্রণ প্রক্রিয়া দ্রুততর হবে। নিরাপত্তার চাদরে থাকবে গোটা নগরী।