দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ লিখে দাখিল করা মোশাররফ হোসেন আজাদ জুয়েলের মনোনয়নপত্র ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য একেএম আবদুর রফিকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
ময়মনসিংহ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান শনিবার তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। জানা যায়, মোশাররফ হোসেন আজাদ জুয়েল তার নির্বাচনী প্রতীক নৌকা লিখে মনোনয়নপত্র জমা দিলেও তার সমর্থনে কোনো দালিলিক কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপর প্রার্থীর শতকরা ১ভাগ ভোটারের সমর্থন নিয়ে গরমিল থাকায় বাতিল করা হয়। এ আসনে ১৫জনের মধ্যে ১৩জনের মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তারা হলেন নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি, লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয়পার্টির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, গোলাপফুল প্রতীকের প্রার্থী ময়মনসিংহ জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মো. নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল ইসলাম লিংকন, সোনালী আঁশ প্রতীকের তৃণমূল বিএনপির প্রার্থী মো. জামাল উদ্দিন, বাংলাদেশ তরীকত ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ ড. বিশ^জিৎ ভাদুড়ী, নৌকা বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরীফ হাসান অনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম, জেলা আওয়ামী লীগের সদস্য মোর্শেদুজ্জামান সেলিম ও স্বতন্ত্র প্রার্থী মাওহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রয়াত কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের ছোটভাই জুয়েল জানান, তিনি আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে কখনও নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন না। দলীয়ভাবে যাকে মনোনয়ন দেয়া হয়েছে, তার কোনো সমস্যা হলে তিনি নৌকার মনোনয়ন চাইবেন। মনোনয়নপত্র জমা না দেয়া থাকলে তো পরে আর প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না। সেজন্য মনোনয়নপত্রে ‘নৌকা’ প্রতীক লিখে জমা দেয়া হয়েছিল।