ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২ জুলাই/২০২২) প্যাথলজিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাসান মারুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার অফিসার ডা. ইকবাল আহমেদ নাসের। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে এ সময় শহরের সোমা প্যাথলজী, গৌরীপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, প্রান্ত ডায়াগনেস্টিক সেন্টার ও ময়মনসিংহ প্যাথলজি সিলগালা করে দেন।
ময়মনসিংহ প্যাথলজির পরিচালক ও টেকনেশিয়ান মো. শামছুজ্জামান সুমন নিজস্ব চেম্বারের সাইনবোর্ড টাঙিয়ে ব্যবস্থাপত্র দেয়ার অভিযোগে তাকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন। তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান।
ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সেবা ডায়াগনস্টিক সেন্টার, মা প্যাথলজি, মর্ডাণ ডায়াগনেস্টিক সেন্টারে তালা ঝুলিয়ে মালিক ও কর্মকর্তাগণ সটকে পড়েন। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার অফিসার ডা. ইকবাল আহমেদ নাসের বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। যে সকল প্যাথলজিতে শতভাগ কাগজপত্র ও টেকনিক্যাল বিভাগকে আপগ্রেড করবে তারাই প্যাথলজি খুলতে পারবেন। প্যাথলজিতে অপচিকিৎসার কোনো সুযোগ দেয়া হবে না।
এ উপজেলায় এছাড়াও প্যাথলজি রয়েছে সাকীফ ডায়াগনস্টিক সেন্টার, গাজীপুরে মেডিল্যাব ডায়াগনেস্টিক সেন্টার, শাহগঞ্জ বাজারের শাহগঞ্জ ডিজিটাল ডায়াগনেস্টিক সেন্টার, আনিকা ডিজিটাল ডায়াগনেস্টিক সেন্টার, নাহড়া বাজারে মা প্যাথলজি।