ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা এ সময় প্রতিপক্ষের একটি ঘর ভেঙে গুড়িয়ে দেয়। বাধা দিতে আসায় গৃহবধূ মঞ্জুরা আক্তারের দু’হাত ও এক পা ভেঙে দিয়েছে। তার স্বামী আব্দুস সেলিমের ওপর চলে অমানসিক নির্যাতন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার (১৭এপ্রিল/২০২২) গৌরীপুর থানায় মামলা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, নারীদের ওপর হামলা ও বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
উপজেলার মইলাকান্দা ইউনিয়নের সূর্য্যাকোনা গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র মো. সুরুজ আলী জানান, প্রতিবেশী মো. হানিফ, রিজু মিয়া, সাদেক মিয়া, আব্দুল হান্নান, শাকিল মিয়া, মো. নূরু, মো. হাকিম ও মো. সবুজদের সঙ্গে আমাদের দীর্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। শুক্রবার (১৫ এপ্রিল/২০২২) সকালে তারা প্রকাশ্যে আমাদের বাড়িঘরে হামলা চালায়। আমার বসতঘর গুড়িয়ে দিয়েছে। বাধা দিতে আসায় আমার ভাই আব্দুস সেলিম, ভাবী মোছা. মঞ্জুরা আক্তার, মা মিনা বেগম ও পরিবারের সদস্য বায়েজিত হোসেন, শহিদ মিয়া, রব্বানী ও মুরসালিনকেও পিটিয়েছে। তাদের হামলায় মঞ্জুরা আক্তারের ডান ও বাম হাতে তিন স্থানে ভেঙ্গে গেছে, এক পাও ফেটে গেছে। আহতদের গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহত সেলিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি আরো জানান, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ করেছে।
অপরদিকে মো. হানিফ জানান, সুরুজের বাড়ির লোকজন হাকিমের বাড়িতে হামলা চালিয়েছে। আমরা সেখানে মিমাংসা করতে গিয়েছিলাম। হামলা ও ভাংচুরের অভিযোগ সত্য নয়। হাকিমের স্ত্রী নুর নাহার জরিনা জানান, ওরাই আমাদের বাড়িঘরে হামলা করেছে।