ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের চড়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শনিবার (৯ এপ্রিল/২০২২) মামলা হয়েছে। মামলাটি দায়ের করেন ভিকটিমের দাদা। নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, অভিযুক্ত মামুন মিয়াকে রোববার গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ। তাকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞ আদালতে সোমবার পাঠানো হবে।
ভিকটিম ও তার পরিবার সূত্র জানায়, শনিবার সকালে বই নিয়ে স্কুলে যায় ভিকটিম। এরপরে কোনাপাড়া গ্রামের মো. শাবদুল মিয়ার পুত্র মো. মামুন মিয়া (২৩) আম দেয়ার কথা বলে বাঁশঝাড়ের ভিতরে নিয়ে যায়। মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় প্রতিবেশী ছাবেদ আলী জঙ্গলে বাঁশ কাটতে গেলে মামুন পালিয়ে যায়। ছাবেদ আলী জানান, জঙ্গলের ভিতরে শিশুটি ভয়ে জড়োসড় অবস্থায় পেয়েছেন। শিশুটিকে চড়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনায় তার দাদা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাশিদ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভিকটিম ও তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।