গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
৬মাসের বেতন আর অন্যান্য ধার্য্যকৃত ফি আদায়ের জন্যই লকডাউন ভেঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের আনা হচ্ছে এমন অভিযোগ এলাকাবাসীর। ৫জুলাইয়ের পর আর কোনো সুযোগ নেই এমন শর্ত ও সিদ্ধান্ত জানিয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে বাধ্য করা হয়েছে অভিযোগ অভিভাবকদের। এ ঘটনা ঘটে রোববার (৪জুলাই/২০২১) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে।
সারাবছর লেখাপড়া নেই, শিক্ষা ও নিজের জীবন ধ্বংসের দাঁড় প্রান্তে এমন দুর্যোগেও বিদ্যালয় কর্তৃপক্ষ পুরো মাসের বেতন আদায় ও কঠোর লকডাউন ভেঙ্গে স্কুলে আসতে বাধ্য করায় ক্ষোভ প্রকাশ করেন কলতাপাড়ার অভিভাবক হুমায়ুন রশিদ। তিনি বলেন, ভর্তি’র সময় অন্যান্য ফি ও পরীক্ষা নেই তারপরেও নানা ফিস আদায় করা হচ্ছে। সরজমিনে রোববার (৪জুলাই/২০২১) গিয়ে দেখা যায় জুনিয়র স্কুল সাটিফিকেট পরীক্ষার পরীক্ষার্থীদের ফরমপূরণের কাজে ব্যস্ত সময় পাড় করছেন কলেজ শাখার শিক্ষক নুর মোহাম্মদ সিদ্দিকী, স্কুল শাখার সহকারী শিক্ষক মো. রমজান আলী ও মো. গোলাম কবীর। সহকারী শিক্ষক মো. রমজান আলী জানান, ময়মনসিংহ শিক্ষাবোর্ড থেকে জানানো হয়েছে ৫ জুলাইয়ের মধ্যে ফরম পূরণ করতে হবে, তাই বাধ্য হয়ে লকডাউন ভেঙ্গে বিদ্যালয়ে আসতে হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আরো জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের জেএসসি রেজিঃ/২০২১/০০৮২ স্মারকের ১৭জুন তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তবে কোভিড-১৯ সনাক্তের হার ও মৃত্যুর কারণে সরকারের দেয়া কঠোর লকডাউনের জরুরী প্রজ্ঞাপন সম্পর্কে কিছুই জানেন না তারা। এ বিষয়ে জানতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. শহিদুল ইসলামকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, লকডাউনের সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যঝুঁকি পেলে এ ধরণের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বলেন, শিক্ষার্থীদের ফরমপূরণের জন্য পর্যাপ্ত সময় দেয়া হবে। এ প্রতিষ্ঠানকেও বিষয়টি জানানো হয়েছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদগ্নি হওয়ার কিছু নেই। তিনি আরো বলেন, নির্দেশনা অমান্য করে শিক্ষার্থী ও অভিভাকদেরকে ফরম পূরণে বাধ্য করার প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে