নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের উত্তরজনপদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গৌরীপুর সরকারি কলেজের নতুন ভবন নির্মাণের নামে জমিদার আমলে নির্মিত ভবন ভাঙা বন্ধের দাবি জানিয়েছেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির এ দাবি জানান। তারা বলেন, সরকারি কলেজের পর্যাপ্ত জমি থাকলেও একটি ভবন করতে আরেকটি ভবন ভাঙা অযৌক্তিক। এ ঘটনা নিন্দনীয়।
তারা আরো বলেন, ইতোমধ্যে সরকারি কলেজ দেখে হাজার হাজার দর্শনার্থী আসেন পরিকল্পিতভাবে গৌরীপুর ইতিহাস আর ঐতিহ্য ধ্বংসের প্রায়তারা চলছে। সরকারি কলেজের ঐতিহ্যবাহী ভবন ভাঙা তারই একটি অংশ। অবিলম্বে ভাঙন বন্ধের দাবি জানান।
অপরদিকে সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, তাঁর নিজস্ব ফেসবুকে লিখেছেন ‘ গৌরীপুর সরকারি কলেজের নতুন ভবন নির্মানের জন্য কলেজ প্রতিষ্ঠার পর থেকে কমনরুম হিসেবে ব্যবহৃত ঐতিহাসিক স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে, যা কোন অবস্থাতেই কাম্য নয়। কলেজের ভবন নির্মাণের জন্য উক্ত কলেজের একরের পর একর জায়গা খালি অথবা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেসব স্থানে নতুন ভবন নির্মাণ করে ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ এ কক্ষটির অবকাঠামো অপরিবর্তিত রেখে সংস্কার করার জন্য গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি।