গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে দাঁতের চিকিৎসা করতে এসে স্বামী-স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও একই দিনে আরো ২জন করোনা পজেটিভ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহের জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এবিএম মসিউল আলম। এনিয়ে গৌরীপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০জন। তাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২জন।
উপজেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম জানান, এ পর্যন্ত গৌরীপুরে ২৮৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের ১৭জনের রির্পোট এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সোমবার (১৫জুন/২০২০) রাতে ময়মনসিংহের জেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ময়মনসিংহ জেলায় একদিনে আক্রান্ত ১১৮ জন। তাদের মধ্যে র্যাব-১৪ ময়মনসিংহের ১০ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর উপজেলার ৫২ জন, ঈশ্বরগঞ্জের ১৭ জন, মুক্তাগাছার ১৪ জন, নান্দাইলের ৮ জন, হালুয়াঘাটের ৯ জন, গৌরীপুরের ৪ জন, ভালুকা-৯ জন ও ফুলবাড়িয়ার ৩ জন। জেলায় ১০ জন ফলোআপ পজিটিভ রয়েছে।
এ গৌরীপুরে আক্রান্ত ৪জনের মধ্যে রামগোপাল ইউনিয়নের দামগাঁও গ্রামের স্বামী স্ত্রী রয়েছেন। অপর দু’জনের একজন সহনাটী ইউনিয়নের রাইশিমুল গ্রামে, অপরজন সিধলা ইউনিয়নের সিধলা গ্রামের ১জন।
রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি জানান, করোনা পজেটিভ রির্পোট আসা স্ত্রী কানিজ ফাতেমা ও তার স্বামী তফাজ্জল হোসেন দু’জন আইসোলেশনে রয়েছেন। তাদের চিকিৎসা নিচ্ছেন। তারা গৌরীপুরে দাঁতের চিকিৎসা করাতে আসেন। এরপরে থেকেই তাদের শারীরিক সমস্যা দেখা দেয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।