নান্দাইল প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শাইলধরা বাজারের খাস জায়গায় দোকান ঘর নির্মাণ করা নিয়ে মারামারি ঘটনায় শহীদ মিয়া (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার গাংগাইল ইউনিয়নের উন্দাইল গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র।
বৃহস্পতিবার ( ১৪ মে) দুপুরে এই ঘটনাটি ঘটে। নান্দাইল উপজেলার উন্দাইল ও ঘাটা গ্রামবাসীর মাঝে এই সংঘর্ষ প্রায় ১ ঘন্টা চলে। এই মারামারি ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে।
নিহত শহীদের স্বজনদের দাবি প্রতিপক্ষের লোকজন রেললাইনের পাথর দিয়ে আঘাত করলে তার (শহীদের) অন্ডকোষে লাগে। এতে তার মৃত্যু হয়। অন্যদিকে ঘাটা গ্রামের লোকজন জানায়, শহীদ স্ট্রোক করে মারা গেছেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহম্মদ সাংবাদিকদের জানান, শহীদ নামে একজন মারা গেছে। তবে তাঁর শরীরে আঘাতের চিহ্ন নেই। ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।