সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজদের রুখতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে, কাজ করতে হবে। এ দলে তাদের ঠাঁই হবে না। ময়মনসিংহের গৌরীপুরে প্রয়াত ছাত্রনেতা আবিদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
তিনি আরও বলেন, আমি মনোনয়ন পাইনি, মনোনয়ন তো পেয়েছেন আপনারা। এই ধানের শীষ প্রতীক এখন সবার। এখানে কোনো ভেদাভেদ নেই। বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ হলো তারেক রহমান সাহেব নিজে এই মনোনয়ন দিয়েছেন। যেহেতু মনোনয়ন আপনাদেরকে দেয়া হয়েছে তাহলে আপনাদের কাজ তো একটু বেড়ে গেছে। মনোননয়টাকে কাজে লাাগতে হবে। মনোনয়নটা যেন পাস কইরা আসতে পারে, ভোটে যেন আমরা জয়যুক্ত হইতে পারি সেজন্য একটু চেষ্টা করতে হবে। একটু বেশিই চেষ্টা করতে হবে। কারণ আমাদের যে প্রতিপক্ষ, নতুন একটা প্রতিপক্ষ আসছে যারা সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ। এদের রুখতে হলে আমাদের প্রস্ততি নিতে হবে, পাস করতে হবে’।
বুধবার রাতে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ রেলওয়ে মাঠে উপজেলা ছাত্রদলের উদ্যোগে সদ্য প্রয়াত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল কর্মী তানজিন আহমেদ আবিদের স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক।
বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, আব্দুর রহমান বাবুল, শামসুল ইসলাম শামসু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক একে এম সুজা উদ্দিন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মামুন, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিকু সরকার, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আশিকুজ্জামান সিয়াম, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তন্ময় হাসান মিয়াদ প্রমুখ।
স্মরণসভায় বক্তরা গত ৯ নভেম্বর গৌরীপুরে বিএনপির সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কর্মী তানজিন আহমেদ আবিদের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে হত্যার সুষ্ঠু তদন্ত করেন।