ময়মনসিংহের গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ১০টি শূন্য আসনে অনলাইনে আবেদন করে বিজয়ী শিক্ষার্থীদের ভর্তি এখন অনিশ্চিত! স্কুল কর্তৃপক্ষ বলছেন, আসন শূন্য নেই; তাই এই মুর্হূতে ভর্তি সম্ভব হচ্ছে না। মঙ্গলবার (৫ ডিসেম্বর/২৩) সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভর্তির শেষ দিন। তাদের সন্তানদের ভর্তি নিয়ে অভিভাকরা শংকিত।
এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষে রাইয়ান ওয়াসিক স্বপ্লীলের পিতা মোস্তফা কামাল সোমবার (৪ডিসেম্বর/২৩) ভর্তি কমিটির সভাপতি ও ইউএনও ফৌজিয়া নাজনীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে আবেদন জমা দিয়েছেন।
লটারীতে প্রথমস্থান অর্জন করে রাইয়ান ওয়াসিক স্বপ্লীল। সে পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লার মোস্তফা কামালের পুত্র। তিনি জানান, আমার ছেলেকে ভর্তির জন্য স্কুলে নিয়ে গিয়েছিলাম, তারা বললো এখন আসন শূন্য নেই। অন্য বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে ভর্তির মুর্হূতে এমন বক্তব্যে, আমার সন্তানের লেখাপড়া নিয়ে শংকিত এবং হতাশ। লটারীতে বিজয়ী মজিবুর রহমানের পুত্র উল্লাস, জয়নাল আবেদীনের পুত্র মো. ফয়সাল আবেদীন, আব্দুল খালেকের পুত্র আদিল আইমান, ফয়েজ আহাম্মদ সুমনের পুত্র আইয়ান জাহি আপন, গোলাম ফারুকের পুত্র ফুয়াদ হাসান ও অন্যান্য শিক্ষার্থী জানায়, আমরা ভর্তি হতে না পারলে, শিক্ষা জীবন বন্ধ হয়ে যাবে। শূন্য আসনে লটারী দিয়ে, এখন আমাদের জীবন নিয়ে তারা ছিনিমিলি খেলছেন। এটা কখনও মেনে নেয়া যায়।
এ প্রসঙ্গে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকছেদুর রহমান জানান, এই মুূর্হূতে আসন শূন্য নেই। ৯তারিখের মধ্যে লটারিতে বিজয়ী শিক্ষার্থীদের আবেদন করতে বলা হয়েছে। শূন্য সাপেক্ষে তাদেরকে ভর্তি করা হবে।
ভর্তি কমিটির সভাপতি ও ইউএনও ফৌজিয়া নাজনীন জানান, আগে শূন্য দেখানো হয়েছে। এখন নিয়ম পরিবর্তন হয়েছে। এরপরেও শিক্ষার্থীদের আবেদনের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।