ঢাকা টেক্সটাইল মিলের শ্রমিকদের ৪মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৪দফা দাবিতে ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর এলাকায় সোমবার (১৬ অক্টোবর/২০২৩) বিক্ষুব্দ শ্রমিকরা দু’দিন যাবত কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতি শেষে বিক্ষুব্দ শ্রমিকরা জানান, বকেয়া বেতনের সুরাহা না পেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অবরোধসহ মিল গেইটে তালা ঝুলিয়ে দেয়ার হুমকি দেন।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, সরকারের ঘোষিত শ্রমিকদের ন্যায্য ছুটি মঞ্জুর করা, হাজিরা বোনাস ও অতিরিক্ত কাজের জন্য বোনাস প্রদান, নির্ধারিত দিনে বেতন-ভাতা প্রদান ও শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য পাওয়া বুঝিয়ে দেয়ার দাবী করেন।
বিক্ষুব্দ শ্রমিক খায়রুল ইসলাম জানায়, প্রত্যেক মাসেই বেতন-ভাতা নির্ধারিত দিনে দেয়া হয় না। ২০২২সনের অক্টোবর মাসসহ ৪মাসের বেতন বকেয়া রয়েছে। স্ত্রী-সন্তানদের উপোস রেখে নিজেরা না খেয়ে কাজ করতে হচ্ছে। কাজে না আসলে আবার চাকুরী থাকবে না। আমরা অমানবিক নির্যাতনের শিকার। মিলের ফিনিশিং বিভাগের মো. মজনু জানান, পকেটে টাকা নাই, পেটে খাবার নেই। ঘরে স্ত্রী-সন্তানও না খেয়ে দিন পার করতে, কাজ করেও বেতন পাচ্ছি না। এর অবসান চাই।

ফ্ল্যাট ডেস্কের শফিকুল ইসলাম বলেন, শ্রমিকদের খাবারের নির্ধারিত সুযোগ সুবিধা নেই, সুচিকিৎসার ব্যবস্থা নেই। আরেক শ্রমিক জানায়, কথা বললেই চাকুরী চলে যায়। অন্যথায় শ্রমিকদেরকে স্থানীয় দালালদের মাধ্যমে নির্যাতন-নিপীড়ন করা হয়। শ্রমিক সিরাজুল ইসলাম জানায়, শ্রম অধিদপ্তরের লোকজন এসে এসিরুমে বসেন, তারা সেখান থেকেই বিদায় নেন! আমাদের শ্রমিকদের কল্যাণের জন্য নয়; উনারা আসেন মালিকদের সুবিধা দিতে আর নিতে! রাজবাড়ির মো. শরিফ উদ্দিন জানান, স্ত্রী-সন্তান নিয়ে না খেয়ে আছি। বাসা ভাড়া দিতে পারছি না। সন্তানদের লেখাপড়া খরচ দিতে পারছি না। কুমিল্লার জীবন জানান, গাজীপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিলের শ্রমিকদেরকে কেউ বাকিতে মাল বিক্রি করে না। ফুলপুর গ্রামের খাইরুল ইসলাম জানান, দু’দিন ধরে কর্মবিরতি পালন করছি, কেউ খোঁজ নিচ্ছে না। রাস্তার বের হলে পুলিশ পিঠায়, পেঠে কেউ ভাত দেয় না!
এ প্রসঙ্গে ঢাকা টেক্সটাইল মিলের এডমিন (প্রশাসন), হিসাব বিভাগ ও ব্যবস্থাপকসহ নানা পর্যায়ে মুঠোফোনে যোগাযোগ করলে কেউ ফোন রিসিভ করেননি। শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ইলেকট্টিক্যাল বিভাগের ইনচার্জ রবিন হাওলাদার। তিনি জানান, মিলের মালিক ও প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।