ময়মনসিংহের গৌরীপুরে রবি মৌসুমে ভোজ্যতেলের চাহিদাপূরণে ১০টি ইউনিয়ন ও পৌরসভার ২হাজার ১শ কৃষাণ-কৃষাণী এবার একযোগে সরিষা চাষ শুরু করেছেন। ভোজ্যতেলের সংকট মোকাবেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এ কৃষাণ-কৃষাণীদের মাঝে বৃহস্পতিবার (১০ নভেম্বর/২০২২) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার বলেন, আমরা চাই আমাদের উৎপাদিত তেল নিজের চাহিদাপূরণ করবে। আমন আর বোরো মৌসুমের মাঝের সময়টুকুতে সরিষা চাষ করে কৃষক অধিকতর লাভবান হবেন। সেলক্ষ্যে এবার একসঙ্গে ২হাজার ১শ জন কৃষক সরিষা চাষের জন্য জমি তৈরি করেছেন। তাদেরকে আমরা প্রনোদনার আওতায় বীজ ও সার দিচ্ছি। ইনশাল্লাহ, এবছর ৪০শতাংশ চাহিদাপূরণ হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, আমার সোনালী মাটির অধিকতর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পরিত্যক্ত জমির ব্যবহার নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, সে লক্ষ্যে দেশের কল্যাণে আমাদের সবাইকে কাজ করতে হবে। আজকে আমরা চাহিদা পূরণের স্বপ্ন দেখছি, একদিন তৈল আমরাও রপ্তানী করবো।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। সঞ্চালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ সমিতির সাধারণ সম্পাদক উপসহকারী কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।