বাংলাদেশ পুলিশ বাহিনীর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন পরিবারদের মাঝে ঘর প্রদান কর্মসূচীর অধিনে ময়মনসিংহের গৌরীপুরে নির্মিত গৃহ পেলেন জুবেদা খাতুন (৬২)। তার বাড়ি উপজেলার মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর (বড়ইকান্দা)। স্বামী মরফর আলীর গত হয়েছে অনেক বছর হলো।
রোববার (১০এপ্রিল/২০২২) আনুষ্ঠানিকভাবে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করেন। এরপরেই গৌরীপুরের গৃহহীন জুবেদা খাতুনের হাতে ঘরের চাবি তুলে দেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে উদ্বোধন করা হয় গৌরীপুর থানায় থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম প্রমুখ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, বুয়েট কর্তৃক অনুমোদিত ডিজাইনে নির্দিষ্ট মাত্রার ভূম্পিকম্প সহনশীলতা ও অগ্নিপ্রতিরোধে সক্ষমতা সম্পূর্ণ এ গৃহ। গৃহের আনুমানিক ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ বিশিষ্ট। রয়েছে রান্নাঘর ও টয়লেট সুবিধাও।
মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক জানান, পুলিশের মানবিক এ কার্যক্রমের মাধ্যমে এ ইউনিয়নে একজন অসহায় মা গৃহ পেয়েছেন। এ জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।