ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে শুক্রবার (৩০জুলাই/২০২১) ধানের বীজতলাকে কেন্দ্র কথা কাটাকাটির এক পর্যায়ে কৃষক আবু হানিফ ফকির (৫৬) কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি এ ইউনিয়নের অচিন্তপুর ফকিরপাড়ার মৃত ওমর আলী ফকিরের পুত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, ধানের চারা উত্তোলনকে কেন্দ্র করে আবু হানিফ ফকির মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও ঘটনার তদন্তের পর মৃত্যুর প্রকৃতরহস্য বলা যাবে।
নিহতের পুত্র আবুল কাইয়ুম রনি জানান, ঈদের আগে প্রতিপক্ষদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ হয়। শুক্রবার (৩০জুলাই/২০২১) সকালে ধানের চারা উত্তোলনের জন্য আমার বাবা শ্রমিক নিয়ে ক্ষেতে যায়। সেখানে যাওয়ার পরে অহেদ আলী ফকিরের পুত্র আশরাফুল আলম গংদের নেতৃত্বে আমার বাবার ওপর হামলা চালায়। আমাকেও কোদাল দিয়ে হত্যার চেষ্টা করে। পরে আমার বাবাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফুল হালিম জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। আমরা ইসিজি ও পরীক্ষানিরীক্ষা করেছিলাম। হাসপাতালে কোন চিকিৎসা দেয়ার সুযোগ পাওয়া যায়নি। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এখন পর্যন্ত শুক্রবার (৩০জুলাই রাত ৮টা ৪৫মিনিট) মামলা হয়নি।