করোনা ও শ্বাসকষ্টের রোগীদের জন্য ‘এসো গৌরীপুর গড়ি’ সামাজিক সংগঠনের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকার জন্য বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। শনিবার (২৪জুলাই/২০২১) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি চৌধুরী। উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, এসো গৌরীপুর গড়ি সংগঠনের শংকর ঘোষ পিলু, সুপক উকিল, দৈনিক জনতার গৌরীপুর প্রতিনিধি শেখ বিপ্লব, আব্দুর রকিব, নয়ন বিশ্বাস. মিঠু ঘোষ প্রমুখ। সংগঠনের সদস্যরা জানান, লকডাউনের কারণে যানবাহন চলাচল সীমিত হওয়ায় জরুরি প্রয়োজনে দরিদ্র রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও শ্বাসকষ্টের রোগীদের জন্য অক্সিজেন সেবা চালুর এ উদ্যোগ নেওয়া হয়েছে। গৌরীপুর পৌর শহরের জন্য হটলাইন নম্বর- ০১৭২৫১৫৫৮৪০ ও ০১৭৭৬১৯৫১৬৫ কল দিলেই পৌঁছে যাবে এ জরুরী সেবা কার্যক্রম।
এসো গৌরীপুর গড়ি’র প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন, নিজেদের অর্থায়নে একটি মাইক্রোবাস ও অটোরিকশা ভাড়া নিয়ে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবার কার্যক্রম শুরু হয়েছে। আপাতত এই সেবা শুধু গৌরীপুর পৌর এলাকার মধ্যে দেওয়া হবে। ফান্ড বাড়লে এই সেবা সারা উপজেলায় দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও করোনা রোগীদের অক্সিজেন সরবরাহের উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। তাদের এই উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি উপজেলায় যারা এই ধরনের সেবামূলক কাজের উদ্যোগ নিবে আমরা সবসময় তাদের পাশে থাকবো।