মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গৌরীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে শনিবার (২৬জুন/২০২১) ‘মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’ স্লোগানে মাদকবিরোধী প্রচারাভিযান হাতেম আলী সড়কস্থ যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, স্বজন সমাবেশের ন্যায় প্রত্যেকটি সংগঠনকে মাদকবিরোধী গণসচেতনতায় এগিয়ে আসতে হবে। প্রজন্মকে বাঁচাতে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বজন মেডিকেল টিম প্রধান ডা. একেএম মাহফুজুল হক, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, সহসভাপতি শফিকুল ইসলাম অপু, মাওহা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানবির আহমেদ মাসুম, উপজেলা ছাত্রলীগ নেতা নাবিল সরকার নাহিদ, বিল্লাল হোসেন হামীম, আব্দুল বারি পিয়েল, সাবরিয়াদ কবির, মোস্তাক আহমেদ নোমান, জুলহাস মাহমুদ, সাগর হাসান প্রমুখ।