গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে আলোচিত মেয়রপ্রার্থী শুভ্র হত্যাকাণ্ডের মামলার বাদী নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত শনিবার (৮ মে/২০২১) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকান্ডের এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানান। তিনি লিখিত বক্তব্যে বলেন, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পরিকল্পনায় বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী নিয়ে তার ভাই শুভ্রকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, হত্যা মামলার ঘটনায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ তদন্ত করে হত্যাকান্ডে জড়িত থাকায় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ ১৯জনের চাজর্শীট দাখিল করেছেন। চাজর্শীট প্রদানের জন্য তাকে ও জেলা পুলিশ সুপারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, শুভ্র হত্যাকাণ্ডের ঘটনায় আমি বাদী। আমার ওপরেও ৬ মে হামলা করা হয়েছে। আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে। এ মামলার স্বাক্ষী ও হত্যাকাণ্ডের প্রতিবাদকারীদের ওপর ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েলকেও হুমকি দেয়া হয়েছে। সৈয়দ রফিক বাহিনীর প্রধান মিথুনের নেতৃত্বে প্রতিদিন সন্ধ্যার পর ৩০-৩৫টি মোটর সাইকেলে মহড়া দিয়ে শহরে ভীতি সৃষ্টি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে নিহত শুভ্র’র চাচা সাদেকুর রহমান সেলিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
অপরদিকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রান্তকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর ঘটনায় শুক্রবার (৭ মে/২০২১) গৌরীপুর থানার মামলা দায়ের হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর শুভ্র হত্যার মামলার বাদী আবিদুর রহমান প্রান্ত ও তার সঙ্গীদেরকে শহরের কালিপুর মধ্যম তরফ নেক্সাস রেস্টুরেন্টের সামনে গতিরোধ করে হামলা চালায়। এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামী বিএনপি নেতা মইলাকান্দা ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ ২৬জনকে আসামী করে মামলা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, আনিছ, প্রদীপ বাগচী, শহিদুল ইসলাম শহিদ, শ্যামল সরকার। ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
এদিকে গত ১৭ অক্টোবর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে পৌর শহরের মধ্যবাজার বাজার পান মহালে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে রিয়াদুজ্জামান রিয়াদকে প্রধান আসামী করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে শহরে টানা ২১দিন প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। হত্যাকাণ্ডের ৬মাস ১৭দিন পর গত ৫ মে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্তকারী অফিসার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ। প্রতিবেদনে চার্জশীটভুক্ত ১৪জন ছাড়াও মামলার তদন্তকারী অফিসার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ অনুসন্ধানে আরো ৫জনের সম্পৃক্ত পাওয়ায় ১৯জনকে অভিযুক্ত করে এ চাজর্শীট দেয়া হয়। তারা হলেন গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (২৯), তার ভাই মাসুদ পারভেজ কার্জন (২৭), উত্তরবাজার পশ্চিম লাইনের জুলমান রেজা অলির পুত্র সাকিব আহম্মেদ রেজা (২৮), পশ্চিম লামাপাড়ার আব্দুল হেলিমের পুত্র মোজাম্মেল হক (৩০), পশ্চিম কাউরাটের মৃত লাল মিয়ার পুত্র খাইরুল ইসলাম (৩০), পশ্চিম ভালুকার মৃত মাহবুর রহমান মাস্টার কাদেরের পুত্র রিফাত (২৫), পশ্চিম কাউরাটের মো. মোস্তফার পুত্র মো. হানিফ ওরফে আবু হানিফা (৩০), ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (২৮), মৃত আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমান (৩০), আইনুল হকের পুত্র শরীয়তউল্লাহ সমুন (৩৩), গৌরীপুর পৌরসভার ৩বারের নির্বাচিত মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, তার ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম (৪৮), অপর ভাই সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল (৩৮), পশ্চিম কাউরাটের চান মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২), কাউরাট মধ্যপাড়ার মৃত ঈমান আলীর পুত্র কামাল মিয়া (৩৫), আব্দুল হেলিমের পুত্র মো. মাঈন উদ্দিন (২০), পশ্চিম লামাপাড়ার মৃত নজরুল ইসলামের পুত্র শরীফুল ইসলাম নাঈম (২২), পশ্চিমকাউরাটের মৃত আব্দুল জব্বারের পুত্র রুহুল আমিন (২৮) ও পৌর শহরের রিস্কাপট্টি কচিকাচার মৃত আছির উদ্দিনের পুত্র শাহজাহান মিয়া (২৫)। প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী অফিসার ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ। তিনি জানান, এ মামলায় প্রধান আসামীসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছিলো তাদের মধ্যে অনেকেই জামিনে মুক্ত রয়েছেন।
জানা যায়, পৌরসভা নির্বাচনের জন্য পুরো প্রস্তুতি নিয়ে ছিলেন মাসুদুর রহমানা শুভ্র। ৯টি ওয়ার্ডে নিজস্ব কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীদের একাংশের সমন্বয়ে গড়ে তোলেন নিজস্ব বলয়। তার কাঙ্খিত স্বপ্নকে ভেঙে দেয় সন্ত্রাসীরা। প্রকাশ্যে ১৭ অক্টোবর মধ্যবাজার পান মহালে কুপিয়ে হত্যা করে। স্বামীর স্বপ্ন পূরণের জন্য ও স্বামীর হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে শুভ্র’র স্ত্রী তাহরিমা আক্তার চুমকী মেয়র পদে প্রার্থী হন। ‘জগ’ প্রতীক ছেড়ে দিয়ে অবশেষে নৌকা বিজয়ী করতে মাঠে নামেন। তবে তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম তৃতীয় মেয়াদে নির্বাচিত হন।