গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর টিকা নিতে এসে স্বর্ণের চেইন ছিনতাইয়ের শিকার হলেন বাসন্তী রানী সাহা (৬০)। তিনি মইলাকান্দা ইউনিয়নের শ্যামলগঞ্জ বাজারের দেবেস চন্দ্র সাহার স্ত্রী। এ ঘটনায় বুধবার (২৪ মার্চ/২০২১) গৌরীপুর থানার তিনি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, হাসপাতালে সিসি ফুটেজ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
বাসন্তী রানী সাহা জানান, গত রোববার (২১মার্চ/২০২১) সকাল ১১টায় কভিড-১৯ ভ্যাকসিনের টিকা নিতে আসেন তিনি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিনতাইকারী গলার চেইন খুলে নিয়ে যা। খোয়া যাওয়া আট আনা ওজনের চেইনের মূল্য প্রায় ৩৫হাজার টাকা। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলাম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হতে এবং ছিনতাইকারীকে সনাক্তকরণের জন্য সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।
অপরদিকে গৌরীপুর পৌর শহরের সরকার ইলেকট্রনিক্সের স্যামসাং শোরুমের টিনের চাল কেটে রোববার (২১মার্চ/২০২১) রাতে প্রায় ৩ লাখ টাকার মোবাইল ফোন চুরি করে নিয়েছে। প্রতিষ্ঠানের মালিক ইমরান সরকার রাজন চুরির বিষয়টি সোমবার দুুপুরে নিশ্চিত করেন। ইমরান সরকার রাজন বলেন, সুরক্ষার জন্য মোবাইলগুলো শো-রুমের ডিপ ফ্রিজে রেখে লক করে রাখা ছিল। কিন্ত চোর শো-রুমের টিনের চাল কেটে প্রবেশ করে ডিপ ফ্রিজের লক ভেঙে ১৯টি মোবাইল চুরি করে নিয়ে গেছে। দোকানে আরো দামী পণ্য থাকলেও সেগুলো নেয়নি। শো-রুমের সিসিটিভি ক্যামেরায় চুরি ফুটেজ ধারণ করা আছে।