প্রধান প্রতিবেদক :
শনিবার (২৬ ডিসেম্বর/২০২০) রাতে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম হবি। এ সংবাদ গৌরীপুরে আসার পরক্ষণেই শহরে আনন্দ মিছিল বের করে।
অপরদিকে মনোনয়ন বঞ্চিত মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকও শহরে বিক্ষোভ মিছিল বের করে। সংঘর্ষ এড়াতে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশ সড়কে অবস্থান নেয়। মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ মিছিলটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলার শিকার হন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত ডাঃ শরিফুল হালিম জানান, ওসি’র ডানহাতের তজ্জনী আঙ্গুলের ৩টি স্থানে কেটে যায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন। তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে অস্ত্র-সস্ত্র নিয়ে শহরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করতে গিয়ে আহত হয়েছি। তাদেরকে প্রতিহত না করতে পারলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান-গাড়ি বাড়ি ক্ষতিগ্রস্থ হতো। জানমাল রক্ষা করতে গিয়ে দায়ের কুপ লেগেছে।
এদিকে এ ঘটনায় গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মাইনুল রেজা বাদী হয়ে রোববার (২৭ ডিসেম্বর/২০২০) মামলা দায়ের করেন। মামলায় ১৪জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ২০/২৫জনকে আসামী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ নজরুল ইসলাম। তিনি জানান, হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
টি.কে ওয়েভ-ইন