গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের মানিয়াকান্দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ ৬জনকে গ্রেফতার করেছে। রোববার (৬ ডিসেম্বর/২০২০) তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। নিহত পারুল বেগম ওরফে সেলিনা বেগম (৫৭) ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পরিবারের নিকট হস্তান্তর করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। তিনি জানান, রাত ৮টায় নিহতের জানাযা ও পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানা যায়, সিধলা মানিয়াকান্দা গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শনিবার (৫ ডিসেম্বর/২০২০) সকালে ৬জন গুরুত্ব আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় পারুল বেগম ওরফে সেলিনা বেগম (৫৭) মারা যায়। তিনি সিধলা ইউনিয়নের সিধলা মানিয়াকান্দা গ্রামের মোঃ আব্দুল আজিজ খা’র স্ত্রী।
গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোঃ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মৃত সাহার উদ্দিনের পুত্র মোসলেম উদ্দিন (৬৫), মোঃ আবু হাম্মাদ আলীর পুত্র মোঃ উজ্জল মিয়া (২৮), মৃত তাহের উদ্দিন ফকিরের পুত্র মোঃ আবু হাম্মদ আলী (৫৬), আব্দুল গফুর ভূইয়ার পুত্র আব্দুল রাশিদ (৪০) আব্দুর রউফ (৬৫) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মামলার অন্যতম আসামী আব্দুল মোতালেবকে চিকিৎসাধীন অবস্থায় তাকেও গ্রেফতার করে পুলিশ প্রহরায় চিকিৎসা চলছে।
এ ঘটনায় সিধলা মানিয়াকান্দা গ্রামের মৃত আব্দুল হাসিম মাস্টারের পুত্র মোঃ সাখাওয়াত হোসেন (৫৬) বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। তিনি জানান, বাবার ক্রয় সূত্র জমিজামা ও সিধলা বাজারের জমি নিয়ে কথা আছে বলে তাহার চাচাতো ভাই আব্দুর রশিদ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এরপরেই তাকে ঘেরাও করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তার চিৎকারে ভাই-বোন ও পরিবারের লোকজন ছুটে আসে। বাবার জমি রক্ষা ও ভাইকে বাঁচাতে এসে মারা গেলো তার বোন পারুল আক্তার সেলিনা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মানিয়াকান্দা গ্রামের সাখাওয়াত হোসেনদের সাথে আব্দুল মোতালেবদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে শনিবার সকাল সোয়া ৯টার দিকে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের হামলায় আহত হন মোঃ আব্দুল আজিজ খা’র স্ত্রী মোছাঃ পারুল বেগম সেলিনা (৫৭), মোঃ আব্দুল আজিজ খা’র মোঃ রুবেল মিয়া (২৮), মৃত আবুল হোসেন খা’র পুত্র মোঃ আব্দুল আজিজ খা (৬০), মৃত আব্দুল হাসিম মাস্টারের পুত্র মোঃ এনায়েত হোসেন (৪৭), মোঃ হেদায়েত হোসেন (৪৪) ও মোঃ সাখাওয়াত হোসেন (৫৬)। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পারুল আক্তার ওরফে সেলিনা বেগম মারা যান।