প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে ট্রাকচাপায় ফজলুল হক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর বাজারে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।
এখানে গত শনিবার নিহত হন ট্রাক চালক ইসহাক আলী (ক্যাপ্টেন) যার বাড়ি শেরপুর জেলায়।
জানা গেছে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের পাশেই গড়ে উঠেছে রামাগোপালপুর বাজার। সোমবার সন্ধ্যায় ফজলুল হক বাড়ি থেকে বাজার করতে রামগোপালপুর বাজারে আসেন। এসময় ঈশ্বরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দ্রুত গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে পাশে দাড়িয়ে থাকা পথচারীরদের চাপা দিলে ফজলুল হক, মাজহারুল ইসলাম ও হেলাল উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফজলুল হকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনায় আহত মাজহারুল ইসলাম ও হেলাল উদ্দিনের বাড়ি রামগোপালপুর ইউনিয়নে।
তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকের চাপায় মাজহারুলের মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘাতক ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পলাতক রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।