নেত্রকোনার পূর্বধলা উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত প্রায় সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি (নম্বর: ময়মনসিংহ থ-১১-০৪২৮) নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি বিকল ট্রাকের (নম্বর: ঢাকা মেট্রো-ট-২০-৪৫০৫) পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। নিহতরা হলেন আব্দুল জলিল (৪৫), গ্রাম চায়না মোড়, থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহ। মোঃ শহীদ মিয়া (৪৫), পিতা পসর আলী, গ্রাম আসদ আটি, থানা নেত্রকোনা সদর, জেলা নেত্রকোনা। আহতরা হলেন রেজিয়া আক্তার (৪৩), স্বামী শহীদ মিয়া, গ্রাম আসদ আটি, থানা নেত্রকোনা সদর, জেলা নেত্রকোনা। অজ্ঞাত পরিচয়ের এক নারী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং কিছুক্ষণের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান বলেন, “নিহতদের মরদেহ প্রাথমিকভাবে থানার হেফাজতে রাখা হয়েছিল। পরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।” স্থানীয়রা জানান, সড়কের পাশে বিকল গাড়ি রেখে যথাযথ সংকেত না দেওয়ার কারণেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তারা প্রশাসনের কাছে সড়ক নিরাপত্তা নিশ্চিতের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। ছবি যুক্ত মোঃ মোরসালিন পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি