‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে সুশীল সমাজের ভাবনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপি’র ৩১দফা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপি। গৌরীপুর সরকারি মহিলা (ডিগ্রী) কলেজ অডিটোরিয়ামে শুক্রবার (২৪ অক্টোবর/২৫) এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, প্রবীণ শিক্ষক ফজর আলী, মো. তফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তানজিল চৌধুরী লিলি, জাতীয়তাবাদী জনতা ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতির কার্যকরী সভাপতি মজিবুর রহমান বিপ্লব, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সহসভাপতি সুপ্রিয় ধর বাচ্চু, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, কৃষিবিদ ফরহাদ হোসেন, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মন্ডল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি রাষ্ট্র বির্নিমাণে সুপরিকল্পনা, দক্ষতা, যোগ্যতা, বিচক্ষণতার প্রয়োজন। সেই পরিকল্পনার মূলভিত্তি হলো ৩১দফা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা দেশ ও জাতির জন্য অত্যন্ত অপরিহার্য। বিগত সরকারের অনিয়ম ও দুঃশাসনে বাংলাদেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এ অবস্থায় রাষ্ট্রসংস্কারের মাধ্যমে আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির ৩১ দফাই দেশবাসীর মুক্তির সনদ। এর মধ্যেই রাষ্ট্রের সব শ্রেণি-পেশার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।’
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরন বলেন, বিএনপি হলো জনমানুষের কল্যাণমুখী জনগণের একটি দল। উন্নয়ন যার মূল ভিত্তি। দুর্নীতিমুক্ত এ উন্নয়ন আশা করে সাধারণ মানুষ। তাদের সেই আশা-আকাঙ্খার মূল্যায়ন করতে রাষ্ট্র সংস্কারে ৩১দফা ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এর প্রত্যেকটি দফাওয়ারী উন্নয়ন ও কার্যক্রম বাস্তবায়ন করা হবে।