ময়মনসিংহের গৌরীপুর গৃহপালিত প্রাণীর জীবন রক্ষায় নকল ঔষধের বাজারজাত করনের অভিযোগে সলিড ফার্মাকেয়ারের সত্বাধীকারি মোজাব্বির হোসেন খানকে ১০ হাজার টাকা অর্থদন্ডসহ তাহার মজুতকৃত প্রায় ৪ লক্ষ টাকার নকল ঔষধ আগুনে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুনন্দা সরকার প্রমা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শিহাব উদ্দিন তাহার সাথে ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন হাট-বাজারে ‘সলিড ফর্মাকেয়ার’ ভিরব্যাক এনিম্যাল হেলথ্ লিঃ এর নামে অনুমোদনহীন ও নিম্নমাণের ২১ ধরনের ওষুধ দির্ঘদিন ধরে বাজারজাত করে আসছে। গৃহপালিত প্রাণীর জীবন রক্ষা ও মোটাতাজাকরণের এসব ওষুধ আসল, নকল, ভেজাল না নিম্নমাণের তা বোঝার ক্ষমতা নাই সিংহভাগ মানুষের। আর মানুষের সরলতার এই সুযোগ কাজে লাগিয়ে সলিড ফার্মাকেয়ার একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে নতুন মোড়কে বোতল ও প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অনুমোদনহীন এসব নকল ওষুধ সেবন করে গরু-মহিষ ছাগল ইত্যাদি সুস্থ না হয়ে আরও বেশি অসুস্থ হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযানে অংশ নেয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শিহাব উদ্দিন জানান- ‘সলিড ফর্মাকেয়ার’ ভিরব্যাক এনিম্যাল হেলথ্ লিঃ এর নামে বাজারজাত করা ‘জাইমো-লিড’ ঔষধের মোড়কে ঢাকার ঠিকানা লেখা থাকলেও এটির মান নিয়ে সন্দেহ হওয়ায় আমি তা যাচাই-বাছাই করে জানতে পারি এটি মূলত উৎপাদিত হচ্ছে গৌরীপুরের ঠিকানায়। যেহেতু এটি নকল ঔষধ যা প্রাণিসম্পদের জন্য খুবই ক্ষতিকর তাই আমি এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাই। তিনি জানান- ‘সলিড ফর্মাকেয়ার’ ভিরব্যাক এনিম্যাল হেলথ্ লিঃ এর ঔষধ কেবল আমদানী ও বাজারে বিতরন করিতে পারবে। কিন্তু তিনি এখানে নিজেই তরল ক্যামিকেল ও পাউডার জাতীয় সামগ্রী মিশ্রন করে ভিরব্যাক এনিম্যাল হেলথ্ লিঃ এর মোড়কে বোতলজাত ও প্যাকেটজাত করছেন। যার কোন অনুমোদন তার নাই।