দীর্ঘদিন পরে কমিটি হওয়ায় দলীয় নেতাকর্মী ও ভক্তদের মাঝে বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে এখন ময়মনসিংহের গৌরীপুরে। প্রতিদিনেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন। শনিবার (২১জুন/২৫) রামগোপালপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সামাদ মাস্টারের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ তাঁকে সংবর্ধিত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন বলেন, দ্বিধা-দ্বন্দ্ব, মান-অভিমান, মতানৈক্য সবভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, এই বর্ষায় যাতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা না হওয়ায় সে জন্য আমাদের উদ্যোগে ইতোমধ্যে অনেকগুলো সড়ক সংস্কার ও মেরামত করা হয়েছে। এছাড়াও দলীয় নেতৃবৃন্দ উপজেলার প্রত্যেকটি এলাকায় উন্নয়নে কাজ করছে। আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য সাধারণ মানুষের মনজয় করতে হবে, সেজন্য সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে এবং উন্নয়নে অংশ নিতে হবে।
রামগোপালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএনপি নেতা আব্দুস সামাদ মাস্টারের সভাপতিত্বে এ সংবর্ধনায় অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একলাছুর রহমান কিরণ, রামগোপালপুর ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী সরকার, ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান কবির, ওয়ার্ড বিএনপির সদস্য আবু সাইদ মুন্সি, রতন মিয়া, হাদিস মিয়া, রামগোপালপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মুন্সী, ইউনিয়ন ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান, নিরব মিয়া, মেহেদী হাসান অনিক প্রমুখ।
উল্লেখ্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার গত ২১ মে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে আহ্বায়ক ও হাফেজ আজিজুল হককে সদস্য সচিব করে ১০১ সদস্যের উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন।
কমিটি ঘোষণার একমাস অতিবাহিত হলেও হিরণ ভক্তদের মাঝে আনন্দ উল্লাসের কমতি নেই। কমিটি ঘোষণার পর থেকে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রায় শতাধিক অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসায় সিক্ত করেন।