নিয়মবহির্ভূতভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কালের কণ্ঠের তালা প্রতিনিধিকে ১০ দিনের সাজা দেওয়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা চলছে সাতক্ষীরার তালার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেলকে নিয়ে।
জানা গেছে, রাসেল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সক্রিয় কর্মী ছিলেন। রাসেল আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কোটায় ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চাকরি পান; যদিও তিনি ৩১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে যোগদান করেছিলেন।
তথ্য বলছে, স্বল্প চাকরিজীবনে তিনি বিদেশে পোস্টিংও বাগিয়ে নিয়েছিলেন, যা হাতে গোনা দু-চারজন কর্মকর্তাই পান।
শুধু তা-ই নয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি ভোল পাল্টে ঠিকই বাগিয়ে নিয়েছেন ইউএনও পদটি।