ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৭জুলাই/২০২৪) মায়ের কবরের পাশে আমগাছ থেকে রাজিব হাসান (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশী পূর্বপাড়া গ্রামের আবুল হাসিম ভূইয়ার পুত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়। তিনি জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের বাবা আবুল হাসিম ভূইয়া জানায়, রোববার সকাল রাজিব হাসানের ঘরের দরজা খোলা দেখতে পান। এরপরে তার লাশ পারিবারিক কবরাস্থানের পাশের আমগাছে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। রাজিব হাসানকে রেখে দু’বছর বয়সে তার মা মারা যায়। এরপরে তার ছোট চাচা আব্দুর রহমান তাকে লালনপালন করেন। রাজিব হাসানের স্ত্রী রাবিয়া আক্তার পালিত পিতা আব্দুর রহমানের নিকট না থেকে আমার নিকট থাকার আগ্রহ প্রকাশ করে। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। প্রতিবেশীরা জানায়, রাজিব হাসান যে গাছ ঝুলছে তার নিচেই তার মায়ের কবর ছিলো।