ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৭জুন/২০২৪) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এক হাজার আটশত কৃষাণ-কৃষাণীর মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে রোপা আমনের বীজ ধান ও সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নিলুফা ইয়াসমিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম প্রমুখ।
কৃষি অফিস সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরের ২০২৪-২৫ মৌসুমে পূনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। এক হাজার আটশত কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ ধান ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে।