নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (২৪ এপ্রিল/২০২০) একদিনে না ফেরা দেশে চলে গেলেন প্রিয় দুই শিক্ষক। শোকাতুর গৌরীপুর। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও প্রিয় শিক্ষার্থীদের শোক বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যম শোকের কালো রঙ ধারণ করেছে।
গৌরীপুর সরকারি কলেজের প্রাক্তন প্রফেসর কাজী এম.এ মোনায়েম (৭৩) শুক্রবার (২৪ এপ্রিল/২০২০) দুপুর ১২টায় পৌর শহরের কলাবাগানস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে —- রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিকস্ সহ নানা রোগে আক্রান্ত ছিলেন। বোকাইনগর ইউনিয়নের কাজীবাড়ী নিজ গ্রামে বিকাল সাড়ে ৫টায় জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠকন সংগঠন ময়মনসিংহের যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি, আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, গৌরীপুর প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক সংবাদের প্রতিনিধি, ময়মনসিংহ হাজী কাসেম আলী কলেজে অধ্যক্ষ, অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারী চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি রমনা রেজিমেন্টের অনারারী ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেন। শিক্ষার উন্নয়ন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি গৌরীপুরের ইতিহাস ঐতিহ্য ও কিংবদন্তী গ্রন্থের লেখক।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কাজী আশরাফ আলী (৭৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে করেন (ইন্নালিল্লাহে— রাজিউন)। মৃত্যুকালে দুই পুত্র ও দুই কন্যা, নাত-নাতীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ উপজেলা সাবরেজিস্ট্রি অফিস জামে মসজিদ প্রাঙ্গনে রাত ১১টায় অনুষ্ঠিত হয়।
উপজেলার প্রধান কাজী (নিকাহ রেজিস্টার) হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এ কাজের স্বীকৃতি হিসাবে তিনি উপজেলায় কাজী স্যার নামে সুখ্যাতি অর্জন করেন।
সম্মানিত শ্রদ্ধেয় দু’শিক্ষকের বিদায়ে শোকবার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের রং এখন কালো হয়ে গেছে। উভয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। তারা শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন। এছাড়াও পৃথক শোকবার্তায় গৌরীপুর সাংবাদিক সমিতির সভাপতি ম. নূরুল ইসলাম, প্রেসকাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামূল হক সরকার, দৈনিক বাহাদুরের প্রকাশক মোঃ রইছ উদ্দিন, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ব্যাচভিত্তিক সংগঠন ৮২ব্যাচ, ৯১ব্যাচ, ফ্রেন্ডস্ হাউজ ৯৬, কাব ৯৭ গৌরীপুর, ৯৮ব্যাচের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।