ময়মনসিংহের গৌরীপুরে রোববার আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উদযাপিত হচ্ছে। মন্দিরে মন্দিরে পূজার মন্ত্র উচ্চারণ, ঢাকের বাদ্য, কাঁসর ও উলুধ্বনিতে উৎসবমুখর ও শতশত পুজারীদের আগমন ঘটে। মন্দিরে আকর্ষণীয় গেট ও আলোকসজ্জার আয়োজন করা হয়। দেবী দুর্গার চরণে ভক্তদের অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পূজামন্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। উপজেলার পৌর শহরের দুর্গাবাড়ি ও কালীখলা পূজামন্ডপ পরিদর্শনে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এ সময় বলেন, জেলার ৮২০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব হচ্ছে। শান্তিপূর্ণ উৎসবমুখর করতে পুলিশ কাজ করছে। এছাড়াও সাদা পোষাকের পুলিশ, গোয়েন্দা সংস্থা নজরদারীতে রয়েছে প্রত্যেকটি এলাকা।
পরিদর্শনকালে সাথে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. আশরাফুল করিম, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, সেকেন্ড অফিসার পুলিশ উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান, উপ-পরিদর্শক আজহারুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গৌরীপুর উপজেলা শাখার সদস্য সচিব অমল চন্দ্র দাস, দুর্গাবাড়ি পূজা মন্ডপের সভাপতি শ্রীকান্ত দাস, সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র বর্মন, কালীখলা পূজা মন্ডপের সভাপতি অজিত কুমার মোদক, সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু প্রমুখ।