১৪৭ ময়মনসিংহ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে ফের ট্রেন আটকে রেলপথ অবরোধ করেছে আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা।
বৃহস্পতিবার বিকালে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলওয়ে জংশনে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন আটকে রেলপথ অবরোধ করে হিরণের অনুসারীরা। এসময় তার ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
এর আগে মনোনয়ন পরিবর্তনের দাবিতে ৪ নভেম্বর মঙ্গলবার গৌরীপুর রেলওয়ে জংশনে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন আটকে রেলপথ অবরোধ করে হিরণের অনুসারীরা। ওই ৩৭ মিনিট ট্রেনটি আটকে রেখে রেলপথ অবরোধ করে রেখেছিল হিরণের অনুসারীরা।
জানা গেছে, ১৪৭ ময়মনসিংহ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে হিরণের অনুসারীরা বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ- নেত্রকোণা মহাসড়কের জালশুকা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শ্যামগঞ্জ বাজার প্রদক্ষিণ করে শ্যামগঞ্জ রেলওয়ে জংশনে এসে প্রতিবাদ সমাবেশ করে ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তন করে আহাম্মদ তায়েবুর রহমান হিরণেকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবি জানান। এ সময় নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন শ্যামগঞ্জ জংশনে যাত্রাবিরতি করলে হিরণের অনুসারীদের একটি অংশ ট্রেন আটকে রেলপথ অবরোধ করে।
পরে গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস সহ দলের সিনিয়র নেতারা ঘটনাস্থলে এসে নেতা-কর্মীদের রেললাইন থেকে সরিয়ে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায়।
শ্যামগঞ্জের কর্মসূচিতে অংশ নিয়ে মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের স্ত্রী সাইদা মাসরুর বলেন, আজকে আমাদের বিজয় মিছিল করার কথা ছিল। কিন্ত আজকে আমরা করছি প্রতিবাদ মিছিল। যে ক্রাইটেরিয়া গুলো তারা চেয়েছে এমন একটা ক্রাইটেরিয়া নাই যেটা হিরণের মধ্যে নেই। গত ১৭ টা বছর জেলখানা, কোর্ট ও আর পালিয়ে বেড়িয়েছে। আমরা হাসবেন্ড উপজেলা চেয়ারম্যান ছিল। তার একটা বাড়ি নাই, তার একটা জায়গা নাই। সে রাজনীতিটা করছিল পেশার জন্য না, তার নেশার জন্য। আজকে রাজনীতি করে কি লাভ হইলো। আমার একটাই প্রশ্ন কি জন্য তাকে বাদ দেয়া হইলো?। অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে হিরণকে বিএনপির মনোনয়ন দেয়া হোক এটা দলীয় নেতা-কর্মী ও গৌরীপুরবাসীর চাওয়া।
গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল ও ময়মনসিংহ-৩ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন হয়েছে। শ্যামগঞ্জে স্টেশনে রেলপথ অবরোধের খবর পেয়ে আমরা দ্রুত সবাইকে রেললাইন থেকে সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করি। বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে আমাদের নিয়ে সবসময় মাঠে ছিলেন হিরণ। তার বিরুদ্ধে শতাধিক মামলা। আমরা চাই দ্রুত মনোনয়ন পরিবর্তন করে হিরণকে মনোয়ন দেয়া হোক। মনোনায়ন পরিবর্তন না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
শ্যামগঞ্জ রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার জিয়াউর রহমান বলেন, মহুয়া কমিউটার ট্রেনটি ৪টা ৫০ মিনিটে শ্যামগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি করে ৪টা ৫২ মিনিটে স্টেশন ত্যাগ করার কথা ছিল। কিন্ত বিক্ষোভকারীরা ট্রেন আটকে রেললাইন অবরোধ করায় ট্রেন ৬ মিনিট স্টেশনে আটকে থাকে। পরে বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।