দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) এর অধিনস্ত সংগঠন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১১তম বার্ষিক সমাবেশ শনিবার (৮মার্চ/২৫) ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেরা সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় কাল্ব লিমিটেডের জেলা ব্যবস্থাপক কার্তিরোজ চিরান জানান, বিগত পরিচালনা পর্ষদ ১ কোটি ২০লাখ ৪২৫টাকা লুট করেছেন। তাদের নিকট থেকে এ টাকা উদ্ধার করা হবে। সংগঠনের সভাপতি এ কে এম মাজাহারুল আনোয়ার জানান, বিগত পরিচালনা পর্যদের ব্যবস্থাপক মাহতাব খান, সভাপতি আবুল হাসিম, সম্পাদক শেখ জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর ১৩টি ভুয়া ঋণ প্রদানের মাধ্যমে এ টাকা আত্মাসাৎ করার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। অডিট বিভাগের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শদ্রক তালুকদার ও অডিট অফিসার হিলারী আতিওয়ারা’র অডিট প্রতিবেদনে তা প্রকাশিত হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম মাজাহারুল আনোয়ার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন ও সদস্য মো. মাসুদ রানা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান বক্তা ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ডিরেক্টর সাইফুদ্দিন আহাম্মেদ সবুজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল হালিম, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সংগঠনের সহসভাপতি আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ খালেদা আক্তার, সদস্য মো. শাহজাহান, উপজেলা ব্যবস্থাপক মো. আব্দুল হক, উপজেলা প্রোগ্রাম অফিসার মনি আক্তার প্রমুখ।
সভায় জানানো হয়, বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ২৮০জন। সংগঠনের মূলধন দাঁড়িয়েছে ৭ কোটি ৩৯লাখ ৫৩হাজার ৭৬৫টাকা। এরমধ্যে কালবের ঋণের মুনাফা ৩ কোটি ৯লাখ ৫৭হাজার ৮৯০টাকা। তছরুপকৃত অর্থের পরিমাণ ১ কোটি ২০লাখ ৯৯হাজার ৪২৫টাকা। ঋণের টাকা পাওয়া রয়েছে ২ কোটি ৮৮লাখ ৫৮হাজার ৬৪৫টাকা। ২০২৩-২৪অর্থবৎসরে নীট ক্ষতি হয়েছে ৬লাখ ৫২হাজার ২৮৯টাকা।