এখন আর চিঠি আসে নাকো
চিঠির নেই রেওয়াজ
ডাকপিয়ন টাও ভুলে গেছে
তার চিঠি বিলাবার কাজ।
লাল বাক্সটা অযত্নে পরে
জং ধরে ঝুরঝুর
তার গহ্বরে কতো কথা ছিলো
যেতো দূর বহুদূর।
গোটা গোটা হাতে শক্ত বুননে
চিঠি লেখা হতো রোজ
হলুদ খামে বন্দী হয়ে
ডাকপিয়নের খোঁজ।
কত রাত জেগে লেখা হতো
কত অব্যক্ত কথা মালা
গভীর রাতে খুলে যেতো
সব মনের গোপন তালা।
মনের নক্সা অংকিত হতো
খামে ভরা চিরকুটে
গোপন বাসনা ব্যাক্ত করিতো
সকল লজ্জা টুটে।
প্রিয় জনের হাসিমাখা মুখ
দেহের সুবাস,খানিক অশ্রুজল
ভরে দেওয়া হতো খামে
লাল বাক্সে ছেড়ে দেওয়া হতো
প্রিয় জনের নামে।
কত শত কথা বলা হয়ে যেতো
কাগজে কালির আঁচড়ে
কিছু না বলেও সব বলা হতো
যা ছিলো বুকের পাঁজরে।
কালের স্রোতে সব হারালো
খাকি পোশাকের ডাকপিয়নটা
হলুদ খাম,লাল বাক্সটা
ভুল বানানের অজস্র কথা
চিঠি হাতে পাওয়ার অপেক্ষা টা।
যান্ত্রিক যুগে যন্ত্রবাসীরা
আবেগ দিয়েছে ফেলে
জীবন যাচ্ছে চলে
টেক্সট, পোস্টের ছলে
যান্ত্রিক বাতি জ্বেলে।
আজ আন্তর্জাতিক চিঠি দিবস উপলক্ষ্য বিশেষ কবিতা