ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সুইপার কলোনীর পরিচ্ছন্নতা কর্মীরা সারাবছর সূর্যোদয়ের সঙ্গেসঙ্গে শহর পরিচ্ছন্নতা ও পৌরবাসীকে সেবা দিয়ে আসছেন। তাদের সেই অকৃত্রিম ভালোবাসার স্বীকৃতি জানাতে বিশ্ব ভালোবাসা দিবসে সোমবার (১৪ ফেব্রুয়ারি/২০২২) সুইপার কলোনীতে পরিচ্ছন্নতা কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান ময়মনসিংহ জেলার মুস্তাকিম (প্রাঃ) হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আমান উল্লাহ আমান। এরপর দিনব্যাপী সুইপার কলোনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করেন। প্রত্যেক পরিবারকে একটি করে কম্বল দেন।
এ সময় ডাঃ আমান উল্লাহ’র উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সকালের খাবার বিতরণ করা হয়। পরে পরিচ্ছন্নতা কর্মীদের সাথে খাবারে অংশ নেন এই চিকিৎসক।
ডাঃ আমান উল্লাহ বলেন, রোদ-বৃষ্টি, ঝড় আর শীতের তীব্রতা উপেক্ষা করে পৌরবাসীকে পরিচ্ছন্ন রাখেন এই পল্লীর প্রত্যেকটা মানুষ। নিজেরা অপরিচ্ছন্ন হয়ে প্রিয় শহরকে পরিচ্ছন্ন রাখেন আমার পরিচ্ছন্নতা কর্মী ভাই- বোনেরা। তাই ভালোবাসার এই বিশেষ দিনটিতে তাদের সাথে ভালোবাসা ভাগাভাগি করার জন্যই আজকের এই ক্ষুদ্র আয়োজন। চিকিৎসা সেবা ও শীতবস্ত্র উপহার পাওয়ার পর তাদের মুখে যে হাসি ফুটে উঠেছে এটাই আমার পরম পাওয়া। তিনি এ সময় ঘোষণা দেন এই সুইপার কলোনীর প্রত্যেকটি মানুষ তার চেম্বার থেকে সারাবছরই বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা নিতে পারবেন।
সুইপার কলোনী সর্দার রঙিলা বাশফোড় বলেন, ভালোবাসা দিবসে ডাক্তার সাবের কাছ থেকে ফুল পাইয়া পোলাপান তো মেলা খুশি। আমরারে ফ্রি চিকিৎসা ও কম্বল দিছে। যাওয়ার সময় ডাক্তার সাব বলছে উনার চেম্বারে গেলে আমাদের আজীবন ফ্রি চিকিৎসা দিবে। আমরা অনেক খুশি।
কর্মসূচিতে অংশ নেন গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোতালিব বিন আয়েত, সাংবাদিক আরিফ আহমেদ, ওবায়দুর রহমান, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. মিলন খান, নাজমুল হুদা, জাকির হোসেন প্রমুখ।